ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪২ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই তাঁদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত মজিবুর রহমান বিজয়ী হলেও জাতীয় পার্টির শফিকুল ইসলাম বাবুল ও স্বতন্ত্র ইমারত হোসেইন খানসহ ছয় জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। একইভাবে গাজীপুর-২ আসনে বারো জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের হানিফ সরকার ও জাতীয় পার্টির মাহবুব আলমসহ ১০ জন প্রার্থী নূন্যতম ভোট পেতে ব্যর্থ হন। এই আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিজয়ী হয়েছেন।
গাজীপুর-৩ আসনেও সাত জন প্রার্থীর মধ্যে পাঁচ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, যেখানে বিএনপি মনোনীত এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী হয়েছেন। কাপাসিয়া তথা গাজীপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আইউবী বিজয়ী হয়েছেন এবং এখানেও ছয় জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন।
সবশেষে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত এ কে এম ফজলুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হলেও তাঁর পাঁচ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিধি মোতাবেক নূন্যতম ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ