নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ বলে প্রত্যাখ্যান শেখ হাসিনার

নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ বলে প্রত্যাখ্যান শেখ হাসিনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ ও ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারত থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, দেশের জনগণের ভোটাধিকার ও সংবিধানের চেতনাকে সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগবিহীন ও ভোটারশূন্য একটি নির্বাচন আয়োজন করা হয়েছে।

বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই কেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা এবং ব্যালট পেপারে আগাম সিল মারার মাধ্যমে এক প্রহসনের সূত্রপাত ঘটে। তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল নগণ্য। নির্বাচন কমিশনের দেওয়া সকাল ১১টার তথ্য উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১৪.৯৬ শতাংশ ভোটের হারই প্রমাণ করে যে বাংলাদেশের সাধারণ মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।

এছাড়া বিগত কয়েক দিনে আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে ভীতি সৃষ্টি করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শেখ হাসিনা অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তিনি দলের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের জোর দাবি জানান।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন