পঞ্চগড়-২: জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে ফরহাদ হোসেন আজাদের জয়

পঞ্চগড়-২: জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে ফরহাদ হোসেন আজাদের জয়

আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান এই আসনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট অর্জন করেছেন। প্রায় ৪৫ হাজার ৭৮৮ ভোটের ব্যবধানে এই আসনে বিজয় নিশ্চিত করল বিএনপি।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মো. কামরুল হাসান প্রধান ৪ হাজার ৩৯১ ভোট, জাতীয় পার্টির মো. লুৎফর রহমান রিপন ২ হাজার ১৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন ১ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন। এছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. দেলোয়ার হোসেন ১ হাজার ৩৫২ ভোট, বাংলাদেশ জাসদের মো. এমরান আল আমিন ৯৫৩ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আশরাফুল আলম ৯৩৫ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৭৭.১৯ শতাংশ। সংগৃহীত ভোটের মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৪৯টি ভোট বৈধ বলে গণ্য হয়েছে এবং ৭ হাজার ১৫৮টি ভোট বাতিল হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা ভোট স্থগিতের খবর পাওয়া যায়নি, বরং উৎসবমুখর পরিবেশেই ভোটাররা তাদের রায় দিয়েছেন।

মন্তব্য করুন