বিজয়ীকে অভিনন্দন: হারলেও মাঠ ছাড়ছেন না তাসনিম জারা

বিজয়ীকে অভিনন্দন: হারলেও মাঠ ছাড়ছেন না তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। একইসঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপিকেও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এই এনসিপি নেত্রী। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডা. জারা জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত রাতেই তিনি জয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ফোন করে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বলেন, নির্বাচনে হারলেও তিনি একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করে যাবেন। জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে তার সমর্থন থাকবে, তবে মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিজের নির্বাচনী প্রচারণায় নারীদের অভূতপূর্ব অংশগ্রহণকে এক বিশাল প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি তরুণীদের উদ্দেশ্য করে বলেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপস্থিতি অত্যন্ত জরুরি এবং ক্ষমতার কেন্দ্রে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতির যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন তা বিরল এবং এটিই প্রকৃত জয়।

নির্বাচন পরবর্তী সময়ে ডা. তাসনিম জারা যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন কি না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি দেশেই থাকছেন। জারা উল্লেখ করেন, তার শেকড় এই মাটিতে এবং তার লক্ষ্য কেবল একটি নির্বাচন নয় বরং রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন প্রচার দিয়ে মানুষের হৃদয় জয় করা গেলেও সাংগঠনিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা প্রয়োজন। ভবিষ্যতে যেকোনো ভয়ভীতি মোকাবিলা করতে এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক মডেল রক্ষা করতে হলে প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট ও সচেতন নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ডা. তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। অন্যদিকে, এই আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। ৬৬ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে এই আসনে ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন ডা. তাসনিম জারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন