ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিশাল জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ১২৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। প্রায় ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে কায়সার কামাল এই আসনে বিজয় নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর কাস্তে প্রতীকে ৪ হাজার ৪২৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান সোহাগ হাতপাখা প্রতীকে ২ হাজার ২২০ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান শান্ত লাঙ্গল প্রতীকে ১ হাজার ২৩ ভোট এবং জেএসডির মো. বেলাল হোসেন তারা প্রতীকে ৩৩৫ ভোট অর্জন করেছেন।
বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল এই জয়কে কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ মানুষের জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ভোটাররা যে বিশ্বাস নিয়ে তাঁকে ভোট দিয়েছেন, তিনি সেবক হিসেবে তার মর্যাদা রক্ষা করবেন। এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ