ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মাত্র ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেন।
জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোস্টাল ভোটসহ আসনের ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট পেয়ে অল্পের জন্য পরাজিত হন। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ৫৪৯। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল হক হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী সিংহ প্রতীকে ৩৭৯ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উখিয়া-টেকনাফ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। এর মধ্যে ২ লাখ ৫৫ হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংগৃহীত ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৩২টি এবং বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৪ হাজার ৮৯৯টি ভোট। এই আসনে ভোট প্রদানের হার ছিল ৬৭ দশমিক ৯৪ শতাংশ।
উল্লেখ্য, শাহজাহান চৌধুরী এর আগেও একই আসন থেকে বিএনপির টিকিটে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সংসদীয় জীবনে তিনি জাতীয় সংসদের হুইপ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই জয়ে উখিয়া ও টেকনাফ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ