মুন্সীগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের বিশাল জয়

মুন্সীগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের বিশাল জয়

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে পৃথক পৃথক সময়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে জেলার তিনটি আসনেই একক আধিপত্য বজায় রাখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই আসনের ফলাফল চূড়ান্ত করা হয়।

মুন্সীগঞ্জ-২ আসনেও বিশাল জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি তার নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সালাম আজাদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। রাত ১২টা ২০ মিনিটে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।

অন্যদিকে, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতন। তিনি ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এই আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। তিনটি আসনেই বিএনপির এমন বিশাল জয়ে জেলাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতা-কর্মীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন