জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে গণভোট

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক: রোববার (১৪ জুন) দেশের জনসংখ্যা ১ কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে গণভোটে ভোট দিচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকরা। প্রস্তাবটি পাস হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে এটি বিশ্বের অন্যতম নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ডানপন্থি সুইস পিপলস পার্টি সমর্থিত প্রস্তাবে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ১ কোটির বেশি হতে পারবে না। জনসংখ্যা ৯৫ লাখে পৌঁছালে সরকারকে অভিবাসন ও জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

সমর্থকদের দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তাদের মতে, জীবনযাত্রার মান ধরে রাখতে অভিবাসন নিয়ন্ত্রণ জরুরি।

তবে বিরোধীরা বলছেন, প্রস্তাবটি অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর আশঙ্কা, এটি কার্যকর হলে স্বাস্থ্যসেবা, আতিথেয়তা ও বয়স্কসেবা খাতে শ্রমিক সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্কেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

২০০২ সালে দেশটির জনসংখ্যা ছিল ৭৩ লাখ। বর্তমানে তা বেড়ে প্রায় ৯১ লাখে পৌঁছেছে। মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ বিদেশে জন্মগ্রহণকারী।

সাম্প্রতিক জরিপে গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। যদিও প্রস্তাবের বিরোধীরা সামান্য এগিয়ে রয়েছে, তবু বিপুলসংখ্যক ভোটার এখনো সিদ্ধান্তহীন থাকায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: সামা টিভি/ আর এইচ

মন্তব্য করুন