আদালতে আত্মসমর্পণ করবেন এমপি আমির হামজা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে তিনি আদালতে উপস্থিত হয়ে নিয়মিত জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, এই মামলায় আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন এমপি আমির হামজা। আদালতে আত্মসমর্পণের পর জামিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় আইনি প্রক্রিয়া মোকাবিলার অংশ হিসেবেই তিনি আদালতে হাজির হচ্ছেন।
|