দুর্গাপুরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
দুর্গাপুরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামে চার বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে একটি প্রভাবশালী মহলের ভয়ভীতি ও চাপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে শিশুটির পরিবার।

ঘটনাটি দাওকান্দি গ্রাম ছাপিয়ে এখন পুরো জয়নগর ইউনিয়নজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরদিন শিশুটির পরিবার দুর্গাপুর থানায় মামলা করতে যায়। তবে অজ্ঞাত কারণে পুলিশ মামলা না নিয়ে তাদের থানা থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। থানা থেকে ফেরার পর থেকে চরম আতঙ্কে ভুক্তভোগী পরিবারটি আর মুখ খুলছে না।

অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে ওই এলাকার একটি রাজনৈতিক দলের কয়েকজন স্থানীয় নেতা ও প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে। তারা গ্রাম্য সালিশে বিষয়টি ফায়সালা করে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ ও কোণঠাসা করে রেখেছে। এমনকি গণমাধ্যমে যেন এই সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না হয়, সেজন্য প্রভাবশালী মহলের সাথে মোটা অঙ্কের আর্থিক চুক্তি ও লেনদেন হয়েছে বলেও গুঞ্জন উঠেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কিশোরের চরিত্র নিয়ে আগেও নানা প্রশ্ন উঠেছিল। এর আগে সে ভুক্তভোগী শিশুর বড় বোনের গোসল করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেছিল। শুধু তাই নয়, অভিযুক্ত কিশোরের বাবার বিরুদ্ধেও অতীতে একই ধরনের একটি স্পর্শকাতর অপরাধের অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে অজ্ঞাত কারণে ধামাচাপা পড়ে যায়।

বারবার একই পরিবার থেকে এমন নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটায় এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা পার পেয়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, এভাবে অপরাধীরা পার পেয়ে গেলে গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়বে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রভাবশালী মহলের দৌরাত্ম্য বন্ধ করে অভিযুক্ত কিশোরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন