মহিপুরে গাঁজাসহ আটক ৭

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
মহিপুরে গাঁজাসহ আটক ৭

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত এক সপ্তাহে মাদকবিরোধী ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। গত ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ৪ কেজি ৪০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন মহিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে থেকে মাদক বিক্রয়কালে মো. ইব্রাহিম হাওলাদার (৫২) ও তাঁর স্ত্রী মোসাঃ পারভীন বেগমকে (৪২) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১২ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ মো. হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০) ও মোসাঃ পারুল বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আলী হোসেন ঘরামী (৪৫) ও মো. আমির হোসেন (৪০) নামে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সবশেষ আজ ১৪ জুন ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহিপুর থানাধীন লতাচাপলীর ৭ নম্বর ওয়ার্ডস্থ তাজেপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মো. রুবেল হাওলাদার (৩২) ও মো. বাবুল মৃধাকে (৪৯) গ্রেফতার করা হয়।

মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। অভিযানে যারা পালিয়ে গেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ের খুচরা বিক্রেতাদের পাশাপাশি মাদকের নেপথ্যের মূল গডফাদার বা বড় ব্যবসায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সাথে সমুদ্র ও স্থলপথে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন