বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট-সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আটক জুলফিকার দর্শনা সীমান্ত এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার ঠিক আগে কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁদের ধাওয়া করে। জুলফিকারের সাথে থাকা অন্য ২-৩ জন সঙ্গী কৌশলে পালিয়ে বাংলাদেশে চলে আসতে সক্ষম হলেও বিএসএফ জওয়ানরা জুলফিকারকে ধরে ফেলে। পরে তাঁকে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তবে স্থানীয়দের এই দাবির চেয়ে ভিন্ন তথ্য দিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

তিনি জানান, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে আন্তর্জাতিক রেলপথের নিরাপত্তা বেষ্টনীর (কাটাতারের বেড়া) কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিত অভিযান চালিয়ে জুলফিকারকে হাতেনাতে আটক করে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।”

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, আটক ওই বাংলাদেশি যুবককে বিএসএফের পক্ষ থেকে ভারতীয় স্থানীয় থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন