মুন্সীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আরিফ বেপারী (৩০) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রবিবার (১৪ জুন) সকালে শহরের পৌরসভার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় নিজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, টাকা লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশের সঙ্গে স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের বিরোধ চলছিল। এই ঘটনার জেরে গতকাল শনিবার সকালে মুন্সীরহাট বাজারে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্বজনদের দাবি, ছোট ভাই আকাশকে না পেয়ে প্রতিপক্ষ নুর মোহাম্মদ ও তার লোকজন পরিকল্পিতভাবে বড় ভাই আরিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, "ভোরে সংবাদ পেয়ে আমরা জসীমনগর গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে আরিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন