কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

মৃত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্যানিটারি ব্যবসায়ী আমজাদ হোসেন রনি তাঁর একমাত্র ছেলেকে নিয়ে শনিবার গ্রামের বাড়ি সুয়াদিতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় সবার অগোচরে অরিন অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁদের এই বুকফাটা আর্তনাদে সুয়াদি গ্রাম ও কোটচাঁদপুর পৌর শহরের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিশু অরিনের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন