আগামীকাল নয়, পরে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক আগামী রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হচ্ছে না বলে জানিয়েছে ইরান। তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি সই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় প্রণীত ‘ইসলামাবাদ স্মারক’ নামে পরিচিত এই সমঝোতা দলিলের মূল উদ্দেশ্য চলমান সংঘাতের অবসান ঘটানো। বর্তমান পর্যায়ে পরমাণু কর্মসূচি-সংক্রান্ত কোনো বিষয় আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত বক্তব্যে বাঘাই বলেন, চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হচ্ছে না, তবে আগামী দিনগুলোতে এটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সতর্ক মন্তব্য করে বলেন, প্রতিপক্ষের অস্থিতিশীল আচরণের কারণে এ ধরনের আলোচনা ও সম্ভাব্য চুক্তি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
সূত্র: আল-জাজিরা।
|