আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রস্তাবিত একটি বহুমাত্রিক বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় তীব্র গণবিক্ষোভ শুরু হয়েছে। ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ স্লোগানকে সামনে রেখে রাজধানী তিরানার রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। দেশটির ইতিহাসে কুশনারের এই মাল্টি-বিলিয়ন ডলার মেগা প্রকল্পের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় প্রতিবাদ।

গত বুধবার বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয় ঘেরাও করে প্রায় আধ মাইল দীর্ঘ বিশাল মিছিল প্রদর্শন করেন। ৫ বিলিয়ন ইউরোর (প্রায় ৫.৮ বিলিয়ন ডলার) এই প্রকল্পটিকে কেন্দ্র করে পুরো বলকান অঞ্চলের এই দেশটিতে তীব্র জনঅসন্তোষ তৈরি হয়েছে।

বিক্ষোভের মূল সূত্রপাত হয় দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের জভেরনেক গ্রাম থেকে। প্রস্তাবিত রিসোর্টটি এমন একটি পরিবেশগতভাবে সুরক্ষিত জলাভূমির কাছে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, যা বিখ্যাত ফ্লেমিঙ্গো (হংসবলাকা) পাখি, সিল এবং বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপের প্রধান প্রজনন ক্ষেত্র ও প্রাকৃতিক আবাসস্থল। পরিযায়ী পাখিদের এই গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল রক্ষায় আন্দোলনকারীরা প্রতীকী হিসেবে প্লাস্টিকের তৈরি ফ্লেমিঙ্গো পাখি নিয়ে মিছিলে অংশ নেওয়ায় এই আন্দোলন বিশ্বজুড়ে ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিতি পেয়েছে।

তবে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা পরিবেশগত এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইউরোপীয় কমিশনের বন্যপ্রাণী ও প্রকৃতির সুরক্ষার নিয়মাবলী কঠোরভাবে মেনেই দায়িত্বশীলতার সাথে এই প্রকল্প এগিয়ে নেওয়া হবে।

এদিকে ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া চলমান রাখার শর্ত হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটিকে পরিবেশ আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছে। ইইউ মুখপাত্র গুইলাম মার্সিয়ার আলবেনিয়াকে সতর্ক করে বলেছেন, প্রকৃতির ক্ষতি করতে পারে এমন যেকোনো মেগা প্রকল্প থেকে তাদের বিরত থাকা উচিত।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এডি রামা বর্তমানে ব্যাপক দুর্নীতির অভিযোগে এমনিতেই চরম রাজনৈতিক চাপে রয়েছেন। এর আগে দুর্নীতির দায়ে তিনি তাঁর উপ-প্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকু-কে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। নতুন এই রিসোর্ট প্রকল্পকে ঘিরে তাঁর ওপর জনগণের ক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে।

জানা গেছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তাঁর স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প কয়েক বছর আগে আলবেনিয়ার এই উপকূলীয় অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই রিসোর্ট তৈরির পরিকল্পনা করেন। গত মাসে জভেরনেক এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু হলে জনগণের তীব্র আপত্তির মুখে তা সরিয়ে ফেলা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী রামা সাফ জানিয়েছেন, বিক্ষোভ সত্ত্বেও এই প্রকল্প বাতিল করা হবে না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন