চট্টগ্রামে শনিবার ১১ দলীয় ঐক্যের সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে শনিবার ১১ দলীয় ঐক্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আগামী শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরের ঐতিহাসিক লালদিঘী মাঠে এই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জোটটি।

গণভোটের গণরায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশু উন্নয়ন এবং জনগণের মৌলিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “দীর্ঘ ছাত্র-জনতার আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রাম ও শত শত শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে গণভোটের গণরায়, ঐতিহাসিক জুলাই সনদ এবং রাষ্ট্রের অতি প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কার্যকর উদ্যোগের তীব্র অভাব রয়েছে।”

মুহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “সারাদেশে হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর পাশাপাশি হাট-বাজার ও পরিবহন খাতে চাঁদাবাজি, দখলদারি এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন করে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।” এই জনদুর্ভোগ নিরসনে শনিবারে লালদিঘী মাঠের বিভাগীয় সমাবেশ থেকে কঠোর বার্তা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল এবং নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইনসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন