অনলাইন ডেস্ক: ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার (৫ জুন) রাতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। চলতি বছরের ১ থেকে ১২ জুন পর্যন্ত চলমান এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনের মূল পর্বে আগামী ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদের বক্তব্য রাখার কথা রয়েছে। সেখানে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
বিশেষ করে, সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ‘শ্রম আইন (সংশোধন), ২০২৬’ এবং এর ফলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি মন্ত্রীর বক্তব্যে প্রধান্য পাবে। জেনেভা সফরে মূল সম্মেলনের বাইরেও মন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক করবেন বলে সম্ভাবনা রয়েছে। এই রাষ্ট্রীয় সফরে মন্ত্রী ছাড়াও বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
পাশাপাশি সম্মেলনে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ নয়জন অংশ নিচ্ছেন। অন্যদিকে, শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।