বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক জব্দ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুটি সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিয়ার এবং গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপির টহল দল ১ জুন দিবাগত গভীর রাতে এবং পরদিন ভোরে উপজেলার নলগড়িয়া এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করে।

১ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সিংগারবিল বিওপির একটি বিশেষ টহল দল নলগড়িয়া এলাকায় প্রথম অভিযানটি চালায়। অভিযানে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল বিদেশি মদ এবং ২২ বোতল বিয়ার জব্দ করা হয়।

পরবর্তীতে, একই এলাকার সীমান্ত পয়েন্টে নজরদারি জোরদার রেখে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে সিংগারবিল বিওপির আরেকটি টহল দল দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। প্রচলিত আইনানুগ প্রক্রিয়া শেষে এগুলোকে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করার লক্ষ্যে বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক প্রবেশ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বর করছে। তিনি আরও বলেন, বিজয়নগর, আখাউড়া এবং মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন