কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: দীর্ঘ সাত দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আকস্মিক পরিদর্শনে গেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মনিরুল হক চৌধুরী। আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে এই আকস্মিক পরিদর্শনের সময় দপ্তরের প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের চেয়ার ফাঁকা দেখতে পান তিনি।
ছুটি শেষে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও কার্যালয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এমপি মনিরুল হক চৌধুরী। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এবং প্রাক্কলনিকসহ মূল কর্মকর্তাদের কাউকেই কর্মস্থলে পাননি।
তিনি আরও জানান, বেলা ১১টা বাজলেও তখন পর্যন্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এবং ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল। তদুপরি, সংসদ সদস্যের উপস্থিত টের পেয়ে কয়েকজন কর্মচারী তাড়াহুড়ো করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন, যার মধ্যে কেউ কেউ আবার ঈদের আগের চার কর্মদিবসের স্বাক্ষরও একসাথে আজ সম্পন্ন করেছেন। এমন পরিস্থিতিতে এমপি তাৎক্ষণিকভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং জনস্বার্থ বিঘ্নিত করার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক জানান, সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেন, “প্রাক্কলনিক তারেক মোল্লা আজ ছুটিতে রয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। আমি গাড়িতে করে কুমিল্লা অফিসের দিকেই আসছি। তবে জাতীয় পতাকা যথাসময়ে উত্তোলন না করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
এআইএল/সকালবেলা