মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের সুবিধাবঞ্চিত ও হাওরে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ-পরবর্তী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কাদিপুর গ্রামের মরহুম আপ্তাব মিয়ার ছেলে ও বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ শামীম মিয়ার অর্থায়নে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
আজ সোমবার (১ জুন) সকাল ১০টায় কাদিপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার বাড়িতে সদ্যসমাপ্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গ্রামের সুবিধাবঞ্চিত, অসহায়, নিম্ন আয়ের এবং চৈত্র-বৈশাখের আগাম বন্যায় ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত মোট ৬৪টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ-পরবর্তী সময়ে এমন সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলোর নারী ও পুরুষদের মুখে হাসি ফুটে ওঠে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সূত্রধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মুজাফ্ফর আলী লিটন, কাদিপুর গ্রামের আলা উদ্দিন, মোঃ সুমন মিয়া, মোঃ আব্দুল নুরসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের কষ্ট কিছুটা লাঘব করে ঈদের আনন্দকে পরিপূর্ণ করেছে।
যুক্তরাজ্য প্রবাসী মোঃ শামীম মিয়া মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
এআইএল/সকালবেলা