বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

 অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা তাঁর বিরুদ্ধে ওঠা রাজনৈতিক নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হওয়া এই নেত্রীর সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির গোপন সমঝোতা হয়েছিল বলে সম্প্রতি রাজনৈতিক মহলে অভিযোগ ওঠে।

আজ সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে, তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল।’ তিনি আরও উল্লেখ করেন, প্রচারকারীরা দাবি করছেন—‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

এই ধরনের সব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দিয়ে তাসনিম জারা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।’ অপপ্রচারকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও লেখেন, ‘যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।’

বাস্তবে এমন কোনো ঘটনা কখনই ঘটেনি উল্লেখ করে সাবেক এই এনসিপি নেত্রী বলেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’

মন্তব্য করুন