নিজস্ব প্রতিবেদক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কার্ডিয়াক বাইপাস সার্জারির ফলো-আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৯ মে ২০২৬) সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস. ওয়াই. রমাদান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ তাঁকে বিদায় জানান।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।