হাওরে ফসলডুবি: কৃষকদের ঋণ মওকুফের দাবি

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
হাওরে ফসলডুবি: কৃষকদের ঋণ মওকুফের দাবি

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ হাওরাঞ্চলের বন্যা ও ফসলডুবি সমস্যার স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী আর্থিক সহায়তা ও ঋণ মওকুফসহ ১৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (৭ মে) ‘সুনামগঞ্জ হাওরাঞ্চলের বন্যা সমস্যা স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় ৭টি জেলায় প্রায় দেড় লক্ষ একর জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় এক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল দখল, বাঁধ ব্যবস্থাপনায় অনিয়ম এবং দুর্নীতির কারণেই এই সংকট তীব্র হয়েছে। এর ফলে হাওরের প্রাকৃতিক পানি প্রবাহ ধ্বংস হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই কৃষকের ফসল ও বসতভিটা তলিয়ে যাচ্ছে।

আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেব ও অন্যান্য নেতৃবৃন্দ উত্থাপিত ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী আর্থিক সহায়তা প্রদান, সকল প্রকার ঋণ মওকুফ, ইজারা ব্যবস্থা বাতিল করে সাধারণের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, বাঁধ নির্মাণে দুর্নীতির বিচার এবং নদ-নদী বিজ্ঞানভিত্তিক খনন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন