ভাঙ্গায় অনিয়মে ২১ শিক্ষার্থীর ফরম পূরণ

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
ভাঙ্গায় অনিয়মে ২১ শিক্ষার্থীর ফরম পূরণ

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে এসএসসির অযোগ্য ২১ শিক্ষার্থীর ফরম পূরণে মোটা অংকের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (৬ মে) বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে নিয়মিত ৩৯ জন পরীক্ষার্থী থাকলেও পরবর্তীতে আরও ২১ জন 'অযোগ্য' শিক্ষার্থীকে লাখ লাখ টাকার বিনিময়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এর ফলে প্রতিদিন কেন্দ্রে ২১টি করে প্রশ্নপত্র কম পড়ায় চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে শিক্ষা বোর্ড ট্রেজারির মাধ্যমে অতিরিক্ত প্রশ্নপত্র পাঠিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষক এনামুল কবিরকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে মারধর করেন, পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

প্রধান শিক্ষক এনামুল কবির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁর পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ এই কাজ করেছে। তবে সহকারী প্রধান শিক্ষক গোলাম কবির জানিয়েছেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই শিক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১২ হাজার টাকা করে নিয়ে ফরম পূরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন