ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফিক্সিংয়ের কালো ছায়া নিয়ে চলা দীর্ঘ তদন্তের অবসান হলো। বিপিএল ২০২৫ আসরে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই সিদ্ধান্তের কথা জানায়।
বিসিবি জানিয়েছে, ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি ৯০০ পৃষ্ঠার একটি বিশাল রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টে ফিক্সিংয়ের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই শাস্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ক্রিকেটারদের মধ্যে শাস্তি পাচ্ছেন অমিত মজুমদার। এ ছাড়া দলের অফিশিয়ালদের মধ্যে টিম ম্যানেজার লাভলুর নামও উঠে এসেছে। বিসিবি সূত্রে জানা গেছে, আরও ৩ জন ক্রিকেটারের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাঁদের নাম পূর্ণাঙ্গ রিপোর্টে প্রকাশ করা হবে।
বিপিএলের সবশেষ নিলামে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ বেশ কিছু তারকা ক্রিকেটারকে রাখা হয়নি। ওই সময় থেকেই গুঞ্জন ছিল যে, ২০২৫ আসরে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকায় তাঁদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। আজকের বিসিবির এই ঘোষণার মাধ্যমে সেই সন্দেহের পালে আরও হাওয়া লাগল।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটের মর্যাদা রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। শাস্তির মাত্রা হিসেবে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।