মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকা থেকে মো. বাধন হোসেন সৌরভকে (২১) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে মো. পলাশকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের বাজাজ ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত সৌরভের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি এবং পলাশের বিরুদ্ধেও ৪টি চুরি ও মাদক মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা