নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদীতে একই দিনে পৃথক তিনটি স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বেলাবো, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেলাবো-শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন (২৮) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেলপথ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পিবিআই প্রযুক্তি ব্যবহার করেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ একে আত্মহত্যা ধারণা করলেও পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড।
একই দিনে জেলায় ৩টি লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তা আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা