ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি

নিজস্ব প্রতিবেদকআসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন জানান, ঈদের কেনাকাটার মৌসুম হওয়ায় ব্যবসায়ীরা দুই দিন ধরেই সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তিনি বলেন, "আগে থেকে সময়সীমা না জানালে দোকানদারেরা প্রস্তুতি নিতে পারেন না। সন্ধ্যা ৭টায় বন্ধ করতে হলে ঈদের বাজার জমবে না এবং বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। উপদেষ্টা মহোদয়কে বিষয়টি জানানোর পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আজ সম্মতি দিয়েছেন।"

 রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে:

  • দোকান বা শপিংমলে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

  • প্রয়োজনের অতিরিক্ত কোনো বাতি জ্বালানো যাবে না।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, সরকার মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করলেও এখনো আনুষ্ঠানিক লিখিত নির্দেশনা জারি করেনি। দ্রুত এই নির্দেশনা জারি হলে দেশের ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষই উপকৃত হবে।

উল্লেখ্য, প্রতি বছর ঈদের আগে ক্রেতাদের ভিড় এবং কেনাকাটার সুবিধার্থে সরকার দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, তবে বিদ্যুৎ সংকটের কথা মাথায় রেখে আলোকসজ্জায় কঠোর বিধিনিষেধ বহাল রাখা হয়েছে।

মন্তব্য করুন