নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে। ওই দিন বিকেল তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার বাজেট প্রস্তাব করা হয়। এটি হবে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট পেশ।
বাজেট অধিবেশন হওয়ায় এটি দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে এবং আলোচ্যসূচি কী হবে, তা চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়েছে, যেখানে রেকর্ড ৯৪টি বিল পাস হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পেশ করেছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২০২৬-এর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের এটিই প্রথম বাজেট হতে যাচ্ছে।