শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে সরকার: শামা ওবায়েদ

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আমলে দেশের শিক্ষাখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার এই খাতকে পুনর্গঠন ও আধুনিকায়নে নতুন করে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "জাতীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষাখাত একসময় স্থবির হয়ে পড়েছিল। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বিশেষ কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হলো।"

শামা ওবায়েদ তাঁর বক্তব্যে শিক্ষার প্রসারে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে কাজ করছি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। সবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার দপ্তরের দরজা সব সময় খোলা। যেকোনো গঠনমূলক প্রয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।"

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের ফলে এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রশাসনিক কাজ আরও সহজ ও গতিশীল হবে।

মন্তব্য করুন