নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে আবারও বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (৪ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি এক সময় দেশের কৃষিতে বিপ্লব এনেছিল। তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা ছিল একটি ঐতিহাসিক বিপ্লব। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিকে নতুন আঙ্গিকে শুরু করেছেন।”
খালকে জনগণের সম্পত্তি হিসেবে উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল খনন ও সংস্কারের সময় কোনো দখলদার সামনে পড়লে তাকে অবশ্যই সরে যেতে হবে। কেউ খাল দখল করে রাখতে পারবে না। নদী বা খাল উদ্ধারের পর পুনরায় দখল করার চেষ্টা করলে জেলা প্রশাসকদের (ডিসি) আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ হাজার কিলোমিটার খাল খননের এই মেগা প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। তিনি বলেন, মাঠ পর্যায়ে এই কাজের তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিসিদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।সম্মেলনে খাল খননের পাশাপাশি নদী ভাঙন নিয়েও আলোচনা হয়। বর্ষা মৌসুমে বা আকস্মিক নদী ভাঙন শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে জেলা প্রশাসকদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, এই ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিসহ জলবদ্ধতা নিরসনে তা যুগান্তকারী ভূমিকা রাখবে।