মমতার গাড়ি ঘিরে বিজেপি সমর্থকদের ‘চোর-চোর’ স্লোগান

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
মমতার গাড়ি ঘিরে বিজেপি সমর্থকদের ‘চোর-চোর’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলাকালীন কলকাতার ভবানীপুর আসনের গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) বিকেলে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান। তিনি আসার আগে থেকেই সেখানে বিজেপি সমর্থকদের জটলা ছিল। মমতার গাড়ি সামনে আসতেই বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এর কিছুক্ষণ আগেই গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে অবস্থানরত তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বিজেপি সমর্থকদের স্কুলচত্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

ভবানীপুর আসনে মোট ২০ রাউন্ডে ভোট গণনা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১২ রাউন্ডের গণনা শেষ হয়েছে। শুরু থেকেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনও মমতা কয়েক হাজার ভোটে এগিয়ে যাচ্ছেন, আবার পরের রাউন্ডেই ব্যবধান কমিয়ে আনছেন শুভেন্দু। দুই হেভিওয়েট প্রার্থীর এই স্নায়ুযুদ্ধে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো কলকাতায়।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন গুন্ডামি শুরু করেছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছে।

বিকেল নাগাদ ভবানীপুরসহ পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনী চিত্র পরিষ্কার হয়ে যাবে। তবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের এই ঘটনা আজকের নির্বাচনী দিনের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল।

মন্তব্য করুন