ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। 

সোমবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান সেবাগ্রহীতাদের ঘুষ দিতে বাধ্য করেন এবং নানাভাবে হয়রানি করে আসছেন। প্রতিবাদকারীদের অভিযোগ, নিজের অপরাধ আড়াল করতে ওই কর্মকর্তা সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছেন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রতিবাদকারীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করে স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্মারকলিপির অনুলিপি বিআরটিএ চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন