নাটোরে পিতাকে হত্যা: স্ত্রী-ছেলে আটক

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
নাটোরে পিতাকে হত্যা: স্ত্রী-ছেলে আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। 

সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে আটক করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের পুকুর থেকে রক্তমাখা কাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত রুবেল নিয়মিত মাদক সেবন ও স্ত্রীকে মারধর করতেন, যা পরিবারে দীর্ঘদিনের অশান্তির কারণ ছিল। এই ক্ষোভ থেকে মা ও ছেলে মিলে প্রায় এক সপ্তাহ আগে হত্যার পরিকল্পনা করেন এবং ঘুমন্ত অবস্থায় তাঁকে গলা কেটে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন