কে.এম মুস্তাকিম তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৩ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহমুদা বেগম (২২) জানান, শহর থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁরা লম্বা দা গলায় ঠেকিয়ে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
দিনের আলোতে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পর্যটন নগরী শ্রীমঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন বাসিন্দারা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ না করলেও দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।
এ.আই.এল/সকালবেলা