এবার ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
এবার ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ডিজিটাল দুনিয়ায় নতুন এক পরিচয়ে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি ভক্তদের আরও কাছাকাছি থাকতে এবং নিজের সৃজনশীল কাজের পেছনের গল্পগুলো শেয়ার করতে আনুষ্ঠানিকভাবে নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি।

জয়া আহসান জানান, পর্দার চরিত্রের আড়ালের প্রস্তুতি, শুটিং সেটের অজানা মুহূর্ত এবং নেপথ্যের অভিজ্ঞতাগুলো ভক্তদের সাথে ভাগ করে নেওয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য। শুধু অভিনয় নয়, প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী তাঁর ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন।

নতুন এই উদ্যোগ নিয়ে জয়া বলেন, "পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তুতি দর্শকদের জানানোর জন্যই এই প্ল্যাটফর্ম। আমি চাই অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এখানেও ভক্তরা সক্রিয় থাকুক।" দর্শকদের মতামত ও গঠনমূলক মন্তব্যই তাঁকে নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমানে জয়া আহসান ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ নামক একটি ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ উপস্থাপনা করছেন। মোহাম্মদ আলীর পরিচালনায় এই সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবনযাপন তুলে ধরা হচ্ছে। এখন থেকে তাঁর এই বহুমুখী কাজের আরও বিস্তারিত আপডেট পাওয়া যাবে নতুন ইউটিউব চ্যানেলে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন