কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিতে মে দিবস পালন

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিতে মে দিবস পালন

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে “হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি”, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন”, “জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন”, “নির্মাণ শ্রমিক ইউনিয়ন”, “উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি” এবং “ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন” সহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা রাজপথে নেমে আসেন। লাল পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার শ্রমিকদের স্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জ শহর।

র‍্যালিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তাঁরা শ্রমিকদের কল্যাণে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করায় সাধারণ শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন