মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৈয়দপুর থানার ওসি
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর থানা এলাকায় মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম (রেজা)।
যোগদানের পর থেকেই তিনি মাদক ব্যবসায়ী, কারবারি ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করেছেন। ওসি রেজাউল করিম জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদক নির্মূলে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজসহ সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসির এমন কঠোর অবস্থানের পর সৈয়দপুর শহর ও আশপাশের এলাকায় মাদক কারবারিদের অপতৎপরতা হ্রাস পেয়েছে। পুলিশের নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিতে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। ওসির এই মাদকবিরোধী সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুধী সমাজ ও সর্বস্তরের জনগণ।
এআইএল/সকালবেলা