চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

আজ রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) হাটে বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা