প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন
ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এখন থেকে শিক্ষকদের বদলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে গঠিত পৃথক পৃথক কমিটি। 

রবিবার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বদলি ঘিরে অতীতে একটি বড় দুর্নীতির চক্র গড়ে উঠেছিল। সেই অনিয়ম বন্ধ করতে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর আওতায় এখন থেকে বদলি কার্যক্রম সম্পূর্ণ স্থানীয় পর্যায়ে পরিচালিত হবে।’ তিনি জানান, এই কার্যক্রমের জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এই কমিটি কাজ করবে। প্রতি মাসে একবার সভা করে জমা পড়া আবেদনগুলো পর্যালোচনা শেষে বদলি অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইভাবে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা পর্যায়ে এবং বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বিভাগীয় পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে বদলি প্রক্রিয়ায় দুর্নীতির সব সুযোগ বন্ধ করা হবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের হয়রানি কমানো সম্ভব হবে।

উল্লেখ্য, এতদিন শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে গ্রহণ করার পর উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই শেষে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) পাঠানো হতো। অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদনের পরই বদলি কার্যকর হতো। তবে কেন্দ্রীয় এই প্রক্রিয়ায় অনিয়ম, হয়রানি ও বিপুল অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইউনিসেফের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন