মুকসুদপুরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
মুকসুদপুরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রবিবার (১৪ জুন) সকালে উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসংবলিত ব্যানার ও পোস্টার প্রদর্শন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী ইজিবাইক চালক শহীদুলকে হত্যা করেছে। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে তারা শহীদুলের মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে সম্পূর্ণ বিকৃত করে দেয়। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান এবং পৌর জামায়াতের আমির কবির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ জুন শহীদুল মাতুব্বর প্রতিদিনের মতো নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে ৯ জুন শহীদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

সেই সূত্র ধরে তদন্তে নেমে গত ১০ জুন এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শহীদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে পুলিশ নিখোঁজ ইজিবাইক চালক শহীদুলের বিকৃত মরদেহ উদ্ধার করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন