দারুল মাআরিফের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত ও স্মৃতিময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামেয়া মিলনায়তনে (হলরুম) দেশ-বিদেশের বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং অর্থ সম্পাদক মুফতি হামেদ ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মহাপরিচালক (মুদিরে মুহতারাম) আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। পরিষদের সহ-সভাপতি মাওলানা আফিফ ফুরকান মাদানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়।
অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক মাদানী, সাধারণ সম্পাদক ড. শোয়াইব রশিদ মাক্কী, সভাপতি শায়খ সাইফুল্লাহ মাদানী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী, শরিয়া অনুষদের ডিন প্রফেসর ড. রশিদ জাহেদ, জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কায়সার, মাওলানা ঈসা আমিনী মাক্কী, মাওলানা নুরুল্লাহ ও মাওলানা নোমান শামস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়ার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ আনসারী, মাওলানা নুরুল আমিন মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আলাউদ্দিন চৌধুরী এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা রবিউল আহসানসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত প্রাক্তন ছাত্ররা।
দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের সোনালি দিন, শিক্ষকদের স্নেহমাখা দিকনির্দেশনা এবং জামেয়ার আদর্শিক পরিবেশের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, সমাজসেবা, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে যুগোপযোগী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল পরিচয় বহন করে তার প্রাক্তন শিক্ষার্থীরা। তাই জামেয়ার সুমহান ঐতিহ্য, দ্বীনি ও নৈতিক মূল্যবোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”
সবশেষে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দ্বীনের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে মুখরিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা
|