কসবায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
কসবায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯ কেজি গাঁজাসহ মো. সাকিব নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কসবা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কসবা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সাকিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে আটকে ফেলেন। পরে পুলিশ তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. সাকিব কসবা থানার মাদলা গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

কসবা থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে ইতিপূর্বেও কসবা থানায় ১টি মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারের সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এই ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এমন মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন