ভালুকায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু
মো. জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকায় আজ রবিবার দুপুরে এক আকস্মিক বজ্রপাতের ঘটনায় ফয়সাল আহাম্মেদ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় মেঘার মাঠ সংলগ্ন পথ দিয়ে বাসায় ফেরার সময় সে এই নির্মম দুর্ঘটনার শিকার হয়।
নিহত ফয়সাল মূলত মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের লেংরা বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তবে জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় সিদ্দিক মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে পরিবারের সাথে থেকে ফয়সাল স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সাথে যুক্ত ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে মেঘার মাঠের ওপর দিয়ে হেঁটে ভাড়া বাসায় যাওয়ার সময় তীব্র মেঘগর্জনের সাথে হঠাৎ তার ওপর একটি বজ্রপাত পতিত হয়। এতে সে মাঠের মধ্যেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোর ফয়সালকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম সকালবেলা-কে জানান, বজ্রাঘাতে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বজ্রপাতের প্রকোপ এবং তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যে এই দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। মেঘের ঘনঘটা দেখা দিলে উন্মুক্ত মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে অবস্থান না করে দ্রুত পাকা দালানের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
এআইএল/সকালবেলা
|