চিরিরবন্দরে ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
চিরিরবন্দরে ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের মাছ ধরা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া (দাস) পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর দুই ছেলে ভূষণ দাস ও ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বীর মুক্তিযোদ্ধা বাবার ভাতার টাকা ভাগাভাগি নিয়ে সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়। এর মধ্যে বুধবার সকালে ছোট ভাই রদশার পুকুর থেকে কয়েকটি মাছ ভেসে বড় ভাই ভূষণের জমিতে গেলে ভূষণের স্ত্রী সাবিত্রী দাস তা কুড়িয়ে নেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোট ভাই রদশাকে ঘিরে ধরেন বড় ভাই ভূষণ দাস ও ভাতিজা অনিমেশ দাস। একপর্যায়ে তাঁরা রদশাকে এলোপাতাড়ি মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং সাবিত্রী দাস নামের একজনকে আটক করেছে পুলিশ। পলাতক ভূষণ দাস ও তাঁর ছেলেকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন