মোরেলগঞ্জে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদারকে (২০) পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচির আয়োজন করেন।
নিহতের পরিবার জানায়, জাহিদুল চট্টগ্রামে একটি হোটেলে কর্মরত ছিলেন এবং বেশ কিছুদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। ৪ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর শনিবার (১ আগস্ট) সকালে বাড়ির অদূরে একটি গাছে গলায় রশি ও মুখে বিষাক্ত পদার্থসহ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার কালাইয়া গ্রামের এক বিবাহিত নারী টিকটকারের সঙ্গে জাহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জের ধরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কয়েক দিন আগে ফোনে জাহিদুলের বড় ভাইয়ের স্ত্রীকেও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন স্বজনেরা।
মানববন্ধনে নিহতের ভাই আসাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার ও সহপাঠীরা জানান, জাহিদুল কখনোই কোনো নেশায় আসক্ত ছিলেন না। অথচ লাশ উদ্ধারের সময় পকেটে সিগারেট, ম্যাচ ও একটি চিঠি উদ্ধার দেখানো হয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও এটি স্পষ্ট হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটিকে ঘিরে নানা তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ উন্মোচিত হবে।
এআইএল/সকালবেলা
|