শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: জহির উদ্দিন স্বপন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: জহির উদ্দিন স্বপন
সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনার মোড়ক উন্মোচন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ভবিষ্যতে যেন আর কোনো শক্তি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেশকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে সরকার শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক বিশেষ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, "স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আমাদের বারবার ফ্যাসিবাদের শেকলে বাঁধা পড়তে হয়েছে। বারবার জনগণের গণতান্ত্রিক কণ্ঠ ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই শেকল ভাঙতে গিয়ে দেশের তরুণ ও সাধারণ মানুষকে বার বার রক্ত দিতে হয়েছে, যার ফলে রাষ্ট্রের স্বাভাবিক সমৃদ্ধি ও অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।"

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ও গুণগত দিক তুলে ধরে মন্ত্রী বলেন, "অতীতে বিভিন্ন রাজনৈতিক গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে কেবল প্রতিক্রিয়াতেই শেষ হয়ে যেত। আন্দোলন শেষে লক্ষ্যহীনতার কারণে নতুন ফ্যাসিবাদের উত্থানের পথ সুগম হতো। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। ফ্যাসিবাদের শেকল ভাঙার পাশাপাশি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের সুনির্দিষ্ট রূপরেখা আমাদের দলীয় নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে আগেই ঘোষণা করেছিলেন এবং বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে অবিচল কাজ করছে।"

তিনি উদাহরণ টেনে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনাপর্বে রাজনৈতিক সিদ্ধান্তের জটিলতায় পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তা মেজর জিয়াউর রহমানকে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের পথনকশা আন্দোলনের সূচনাতেই প্রস্তুত ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী জানান, ‘শিকল ভাঙার জুলাই’ বিশেষ গ্রন্থে ২৩ জন বিশিষ্ট লেখক ও সাংবাদিকের লেখা সংকলিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও ইতিহাসকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে ভবিষ্যতেও আরও আলোকচিত্র, তথ্যচিত্র এবং ডিজিটাল কনটেন্ট প্রকাশ করা হবে।

মন্তব্য করুন