দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) ভোরে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে প্রায় ৬ বিঘা আয়তনের একটি পুকুরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু জানান, বিষ প্রয়োগের খবর পেয়ে তিনি গিয়ে দেখেন পুকুরজুড়ে বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও গ্রাস কার্প মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।
তিনি দাবি করেন, বিষপ্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে, যার বাজারমূল্য ও টেন্ডার খরচ মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মৎস্যচাষি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|