বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুমাত্রিক অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর বাণিজ্য আলোচনা ও আন্তর্জাতিক চুক্তির আইনগত বিষয়ে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি এবং একটি বিশেষায়িত গবেষণা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, "দেশের উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো ও সঠিক বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে সরকার প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করছে।"

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন ও প্রযুক্তিগত সহায়তায় অস্ট্রেলিয়া একযোগে কাজ করতে আগ্রহী।

তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।

হাইকমিশনার আরও জানান, বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে শিগগিরই অস্ট্রেলিয়ার একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে উন্নতমানের হালাল গরুর মাংস রপ্তানি এবং বাংলাদেশে পশুর ট্রেসেবিলিটি ও আধুনিক লাইভস্টক ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত সুবিধা ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশ নিয়মিত সংলাপ বজায় রাখার ওপর জোর দেয়।

মন্তব্য করুন